স্থিতিশীলতা, অর্থনীতি ও রাজনীতির ত্রিমুখী চ্যালেঞ্জ
০৫ আগস্ট ২০২৪, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের ঘাড়ে চেপে থাকা তথনাকথিত অন্তর্বর্তীকালিন সরকার অবশেষে ১৮ মাস পর বাংলাদেশের বৃহত্তম দল, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগকে বাইরে রেখে একটি এক তরফা নির্বাচনের ব্যবস্থা করে। নির্বাচনে যে দলকে দ্বিতীয় দল হিসেবে উপস্থাপন করা হয়েছে সেই জামাতে ইসলামী কোনোদিন সংসদে ৩-৪ টির বেশি আসন পায়নি।
যাইহোক, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। দুইমাস যেতে না যেতেই সরকার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বিএনপিকে। একদিকে অন্তর্বর্তী সরকার নানা বিতর্কিত সিদ্ধান্ত অপরিকল্পিত রাস্ট্রনীতি এবং অর্থ লুটপাট, অন্যদিকে ইরান যুদ্ধের ফলে জ্বালানি সঙ্কটের কারণে দেশের অর্থনীতিতে এক নাজুক অবস্থা বিরাজ করছে।
এই প্রসঙ্গ নিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (International Crisis Group- ICG)’ -এর বিশ্লেষণমূলক প্রতিবেদন যা উঠে এসেছে।
সংস্থাটি বলছে, নতুন সরকার কার্যত “সময়ের সঙ্গে দৌড়” শুরু করেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের প্রধান লক্ষ্য—রাষ্ট্রযন্ত্র সচল রাখা, অস্থিরতা কমানো এবং একটি কার্যকর প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা।
ICG-এর বিশ্লেষণে উঠে এসেছে, সরকার এমন এক বাস্তবতায় দায়িত্ব নিয়েছে যেখানে রাষ্ট্রের ভেতরেই আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—রাষ্ট্রের ভিতকে পুনরায় দৃঢ় করা।
প্রশাসনিক নিয়ন্ত্রণ
নতুন সরকারের প্রথম পরীক্ষা প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনে রাষ্ট্রযন্ত্রের যে দুর্বলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে না পারলে স্বাধীন রাষ্ট্রের কার্যকারিতাই প্রশ্নবিদ্ধ হতে পারে।
একটি মুক্তিযুদ্ধের চেতনায় গড়া রাষ্ট্রে প্রশাসনের শক্ত ভিত থাকা শুধু প্রয়োজনই নয়—এটি ঐতিহাসিক দায়ও। তাই প্রশ্ন ওঠে, রাষ্ট্র কি হৃত অবস্থানে আবার দাঁড়াতে পারবে?
অর্থনীতি
অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠা এখন সরকারের জন্য সবচেয়ে বড় ও বাস্তব চ্যালেঞ্জ। বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি এবং বিনিয়োগে অনিশ্চয়তা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করছে।
ICG মনে করছে, কেবল সাময়িক সমাধান নয়—গভীর কাঠামোগত সংস্কার প্রয়োজন। কারণ অর্থনৈতিক দুর্বলতা কখনওই একটি স্বাধীন দেশের মর্যাদার সঙ্গে যায় না।
আইন-শৃঙ্খলা
আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থান নিচ্ছে। তবে ইতিহাস বলে—শুধু শক্তি প্রয়োগ নয়, ন্যায্যতা ও সংযমই টেকসই স্থিতিশীলতা আনে। ক্ষেত্রবিশেষে শক্তি প্রয়োগ অবশ্যই করতে হবে, তবে তা হতে হবে সংযত উপায়ে।
মুক্তিযুদ্ধের মূল শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, কিন্তু একই সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা করা। তাই কঠোরতার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
রাজনীতি
সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই স্থিতিশীলতার চাবিকাঠি। রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া স্থিতিশীলতা টেকসই হয় না—এটি বারবার প্রমাণিত। বিরোধী শক্তিকে সম্পূর্ণভাবে বাইরে রাখলে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
ICG-এর পর্যবেক্ষণও একই ইঙ্গিত দেয়। সংলাপ ও অংশগ্রহণমূলক রাজনীতি এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন।
একটি মুক্তিযুদ্ধের চেতনায় গড়া রাষ্ট্রে ভিন্নমত দমন নয়, বরং সহাবস্থানই শক্তি।
আন্তর্জাতিক দৃষ্টি
বাংলাদেশের নতুন সরকারের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন তীক্ষ্ণ। গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে সরকারের অবস্থান বিশ্বে দেশের ভাবমূর্তি নির্ধারণ করবে।
এখানে ব্যর্থতা শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও প্রভাব ফেলতে পারে।
মুক্তিযুদ্ধের চেতনা বনাম বাস্তবতার পরীক্ষা
সব মিলিয়ে, নতুন সরকার দ্রুত কাজ শুরু করলেও সামনে পথ সহজ নয়। প্রশাসনিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতি এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি—এই তিনটি ক্ষেত্রেই সফলতা অর্জন করতে হবে।
ICG-এর বিশ্লেষণ অনুযায়ী, সরকারের প্রকৃত সাফল্য নির্ভর করবে জনগণের আস্থা পুনর্গঠনের ওপর।
আর একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি আরও সরল: এই রাষ্ট্র কি আবার সেই চেতনায় ফিরে যেতে পারবে—যেখানে ন্যায়, অংশগ্রহণ ও মানুষের মর্যাদা ছিল মূল ভিত্তি?
আরও পড়ুনঃ স্বাধীনতার ৫৫ বছর পরও দ্বন্দ্ব কেন: ইতিহাস, রাজনীতি ও ভবিষ্যৎ পথ







